পিতা-মাতার দায়িত্ব: সন্তান প্রাপ্তবয়স্ক হলে তার বিয়েতে বিলম্ব না করা
একজন পিতার দায়িত্ব হলো—সন্তান যখন প্রাপ্তবয়স্ক (বালেগ) হয়ে যায়, তখন তার বিবাহে বিলম্ব না করে দ্রুত ব্যবস্থা করা। বিয়েতে দেরি করা মানে হচ্ছে নানা রকম ফিতনা ও বিপদের পথ খুলে দেওয়া। যদি কোনো ভালো চরিত্রের, ধার্মিক এবং সম্মানিত ব্যক্তি কোনো মেয়ের প্রস্তাব দেয়, তাহলে শুধুমাত্র তার দারিদ্র্যের কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত নয়।
সম্পদ ও ধন-দৌলত অস্থায়ী জিনিস, মূল হলো মানুষের চরিত্র ও কর্মক্ষমতা।
যদি ছেলেটি স্বাস্থ্যবান, কর্মঠ এবং ধার্মিক হয়, তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করা অনুচিত। একইভাবে, ‘আয়-রোজগার বাড়লে বা আরেকটু সচ্ছল হলে ছেলের বিয়ে দেব’—এমন চিন্তায় তাকে বসিয়ে রাখা ঠিক নয়। যদি কোনো ভালো চরিত্রের ও ধার্মিক মেয়ে থেকে প্রস্তাব আসে, তাহলে দ্রুত তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেওয়া উচিত।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন: “যার ঘরে সন্তান জন্ম নেয়, তার উচিত সেই সন্তানের ভালো নাম রাখা এবং তাকে উত্তম চরিত্রে গড়ে তোলা। আর যখন সে প্রাপ্তবয়স্ক হয়, তখন তার বিয়ে দেওয়া উচিত। যদি সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ে না করে এবং কোনো গুনাহে লিপ্ত হয়ে পড়ে, তবে সেই গুনাহের দায়ভার তার পিতার ওপর বর্তাবে।”
— (বায়হাকী, শু’আবুল ঈমান)
অপ্রাপ্তবয়স্ক সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব পিতার উপর
শরিয়তের দৃষ্টিতে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের খরচ ও ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব পিতার উপর।
এমনকি যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তবুও যতদিন না সে নিজে উপার্জনে সক্ষম হয়, ততদিন তার ভরণ-পোষণের দায়িত্বও ইসলামী শরীয়ত অনুযায়ী পিতার ওপরই বর্তায়।
আল্লাহ তাআলা বলেন:
“আর সন্তান যার থেকে জন্মেছে, তার উপর তাদের খাবার ও পোশাক-আশাকের দায়িত্ব রয়েছে—সমাজস্বীকৃত নিয়ম অনুযায়ী।”
— (সূরা আল-বাকারা: ২৩৩)
আরেক স্থানে আল্লাহ বলেন:
“যার রিজিকে প্রসারতা দেওয়া হয়েছে, সে যেন তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করে; আর যার জীবিকা সীমিত করে দেওয়া হয়েছে, সে যেন আল্লাহ যা দিয়েছে তা থেকেই ব্যয় করে।”
— (সূরা আত-তালাক: ৭)
