হৃদয়বিদারক ঘটনাবলী

আমার জীবনের দীর্ঘ একটা সময় কেটেছে এমন একজন বন্ধুর তালাশে, যার সান্নিধ্য-সৌরভে আমার সমগ্র সত্তা সুরভিত হবে। যার পবিত্র সংস্পর্শ আমার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। যার আলোকিত ব্যক্তিত্ব আমার অন্ধকার পথে জ্যোতি ছড়াবে। সর্বোপরি তার নিঃস্বার্থ বন্ধুত্ব আমার উভয় জীবনে শান্তির উৎস হবে। একসময় আমি পেয়েও গেলাম আমার সেই পরম কাঙ্ক্ষিত, দীর্ঘদিনের প্রতীক্ষিত বন্ধুর পরিচয়। বরং বলা ভালো, আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশিই পেলাম। আমার কল্পনার রাজ্যে আমি যে ভালো মানুষটির ছবি এঁকেছিলাম, আচরণে-উচ্চারণে, আবরণে-অভ্যন্তরে তিনি তার চেয়েও ভালো ছিলেন! আমার হৃদয়জুড়ে যে নিঃস্বার্থ ও নিষ্ঠাবান বন্ধুর বিচরণ ছিল তার মুখের হাসিতে, চোখের চাহনিতে, হৃদয়ের স্বচ্ছতায়, আত্মার পবিত্রতায়, চরিত্রের মাধুর্য ও অন্তরের কোমলতায় সেই কাঙ্ক্ষিত মানুষটির প্রতিচ্ছবিই জীবন্ত হয়ে উঠল। আমি তাকে ভালোবাসলাম। তার ভালোবাসা পেয়ে আমি ধন্য হলাম। পরম আনন্দ ও অনাবিল সুখে আমাদের দিন কাটতে লাগল। কিন্তু সুখের দিন বলে কথা! শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে যায়।

কালের দুর্যোগে আমারও ভাগ্যবিপর্যয় ঘটল। অনিবার্য কারণে কায়রো ছেড়ে আমাকে বহু দূরের এক শহরে পাড়ি জমাতে হল। জীবনের প্রয়োজনে কর্মক্ষেত্রের এমন রদবদল তো চলতেই থাকে। তাই বন্ধুর টান ছাড়া আমার তেমন কোন পিছুটান ছিল না। আশা ছিল, দেহের দূরত্ব মনের বন্ধুত্বে কোন প্রভাব ফেলবে না। অন্তত আমার এই বন্ধুর বেলায় এটা কল্পনা করাও ছিল মহাপাপ। কিন্তু একী হল! নতুন ঠিকানায় পৌঁছার পর শুরুতে কিছু দিন চিঠিপত্রের আদান-প্রদান হল। তারপর অল্পদিনের মধ্যেই তার হৃদয়ের জোয়ারে ভাটার টান পড়ল। চিঠিপত্র বন্ধ হয়ে গেল। শত চেষ্টা করেও তার কোন খোঁজ পেতে ব্যর্থ হলাম। আমি ভীষণ ব্যথিত হলাম। ভাবলাম, হয়ত কোন বাধা-বন্ধকতা, পারিবারিক বা সামাজিক কোন জটিলতা। হতে পারে কর্মক্ষেত্রের নতুন কোন ব্যস্ততা। অনেক কিছুই হতে পারে; কিন্তু সম্পর্কছিন্নতা, আদর্শবিচ্যুতি ও বিপথগামিতা, এটা কিছুতেই হতে পারে না।

কর্মব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যেই মনে হত তার কথা। তার সুখের স্মৃতি ও বেদনাদায়ক বিস্মৃতির কথা। যতবার প্রতিজ্ঞা করেছি, সব কাজ ফেলে, ঝুট-ঝামেলার সাগর পাড়ি দিয়ে আমি কায়রো যাবো বন্ধুর বিশ্বস্ততা রক্ষা করতে, ততবারই পাহাড় সমান ঢেউ এসে সব পণ-প্রতিজ্ঞা তলিয়ে দিয়েছে। এভাবে একে একে সাতটা বছর পার হয়ে গেল। অবশেষে আমার পুনরায় কায়রো ফেরার ফয়সালা হল।

গাড়ি থেকে নেমেই আমি ছুটলাম বন্ধুর বাড়িতে। কিন্তু একী! সন্ধ্যার আলোআঁধারিতে আমিই কি পথ ভুল করেছি, নাকি পথের ক্লান্তি ও দেহের শ্রান্তি আমার চোখের সামনে পর্দা টেনে দিয়েছে? একি সেই বাগানবাড়ি, পাখিদের কলরবে সকাল-সন্ধ্যা যা মুখরিত থাকত! এটাই কি সেই স্বর্গীয় নীড়, শান্তির পায়রাগুলো রাতদিন যেখানে ডানা মেলে উড়ত! সত্যিই কি এটা আমার বন্ধুর বাড়ি, সুখ-সচ্ছলতা, শান্তি ও সমৃদ্ধির আনন্দ-কোলাহলে যা সবসময় মেতে থাকত! নায-নেয়ামত ও বিলাস-প্রাচুর্যের বৃষ্টি যেখানে মূষলধারে বর্ষণ করতো, আর স্বপ্নের ময়ূরগুলো নানা রঙের পেখম ছড়িয়ে নৃত্য করতো! নীল আকাশের দূর দিগন্তে রংধনুরা সাতরঙের মেলা বসাত!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart