বাচ্চাকে জিজ্ঞেস করে জানলাম, সকালে অফিসে যাওয়ার আগে আসলে তার বাবাকে পাওয়া যাবে। বিষণ্ণ হৃদয়ে, বুকের ভিতর একটা চিনচিনে ব্যথা নিয়ে আমি বেরিয়ে আসলাম। আমার বোনের হৃদয়বিদারক যে কথাগুলো শুনলাম, তার প্রতিটি শব্দে কলজে পোড়ার যে গন্ধ আমি পেলাম, জানি না তার বিন্দুমাত্র উপশম করা সম্ভব হবে কি না! আমার সবকিছু বিসর্জন দিয়েও যদি অসহায় এই তিনটি বনী আদমের জীবনে সামান্য জীবনী সরবরাহ করা সম্ভব হত, নিজেকে বড় সৌভাগ্যবান মনে হত। কিন্তু সময় যতক্ষণ ভবিষ্যতের গর্ভে বিলীন হয়ে বর্তমান না হয় ততক্ষণ কপালের লেখা কোনভাবেই পড়া সম্ভব হয় না। তাকদীরের হাতে আমরা সত্যিই বড় অসহায়!
সারারাত দু’চোখের পাতা একত্র হতে পারল না। কী হবে কাল সকালে? সে কি আমার সামনে আসবে, আমার কথা শোনবে, আমি কি বোঝাতে পারব? গ্রীষ্মকালের ছোট্ট এক রাত শীতকালের সুদীর্ঘ কয়েক রাতের সময় নিয়ে পার হল। আমি রওনা হলাম। চোখের সামনে ভেসে উঠলো একজন প্রতিযোগীর ছবি, সারাজীবনের সমস্ত সম্পদ বাজি ধরে যে ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে। পা যেন নড়তে চায় না, কদম যেন উঠতে চায় না। কেউ যেন সামনে থেকে টানছে, কিংবা পিছন থেকে হাঁকাচ্ছে। সে জানে না, কয়েক মুহূর্তের ব্যবধানে সে কি সমাজের বিশাল বিত্তশালী বনে যাবে, নাকি সর্বস্ব খুইয়ে, সর্বস্বান্ত হয়ে লাঞ্ছনা ও বঞ্চনার অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে।
দীর্ঘ সাত বছর পরে আমি আমার বন্ধুর মুখোমুখি হলাম এবং জীবনের একটি চরম সত্য নিজের চোখে অবলোকন করলাম। সারাজীবন শুধু শুনেছি, “মানুষের চেহারা হল তার কলবের আয়না। হৃদয়ের স্বচ্ছতায় যা আলোকিত হয় এবং নফসের কলংক-কালিমায় তা কলুষিত দেখায়।”
