তার অসংলগ্ন আচরণ দেখলে মনে হবে, ভিনগ্রহের কোন প্রাণী, পথ ভুল করে এখানে এসে পড়েছে। কিংবা অন্যলোকের কোন রহস্যমানব, যার গতিবিধি বোঝা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।
হনহন করে ছুটতে ছুটতে হঠাৎ দাঁড়িয়ে যায়, হন্যে হয়ে কী যেন তালাশ করে, অথচ হারানোর মতো কিছুই নেই তার কাছে। কখনো গায়ের কাপড়টাতেই তন্নতন্ন করে খোঁজে, অথচ চটের তালি ছাড়া কীই বা আছে তাতে! কখনো রক্তচক্ষু নিয়ে তাকাতে থাকে ব্যস্ত পথিকের দিকে, যেন সবাই তার জানের দুশমন। অথচ তার কোন শত্রু নেই, নেই কোন মিত্রও। কখনো তার পিছু নেয় রাস্তার বখাটে ছেলেরা, দূর থেকে ঢিল ছোঁড়ে, কাছে এসে ‘মজা’ করে, সুযোগ পেলে ঘাড়ে চড়ে, অথচ সে এমন বেয়ারাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে। এভাবে আবার যখন নেশায় ধরে, পানশালার দিকে ছুটে চলে।
এই হল আমার বন্ধুর কথা, তাকদীরের ‘রোষাণলে পড়ে’ যে চরম পরিণতির দিকে ‘সুপারসনিক গতিতে’ ছুটে চলেছে। পক্ষান্তরে তার অন্তপুর বাসে থাকা স্ত্রী, স্বামীর স্খলনে যার ভাগ্যবিপর্যয় ঘটেছে, ছোট্ট সংসারের বিশাল ভারী বোঝা যার দুর্বল কাঁধে চেপেছে, আত্মসম্মান যাকে অনাহারের অবিরাম ক্লেশে প্রায় শয্যাশায়ী করে ফেলেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা বাচ্চাদুটোর করুণ দৃশ্য যার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তিনি দেখলেন-মৃত্যু তার চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু কাছে আসে না, তাকে আলিঙ্গন করে না। দূর থেকে মৃদু হেসে কোথায় যেন মিলিয়ে যায়। যমদূত কখনো কখনো তার ভয়াল থাবা বিস্তার করে, কিন্তু তার নাগাল পায় না।
তিনি ভাবলেন, সম্মানের মৃত্যু হয়ত আমার কপালে নেই, লাঞ্ছনার ঘানি টেনে, ধুঁকে ধুঁকেই আমাকে মরতে হবে। তাই এবার জীবনের নির্মম বাস্তবতার সাথে তার খানিকটা আপোষ করতে হল। কলিজার টুকরা বাচ্চাদুটোকে মানুষের ঘরে কাজে পাঠাতে হল। তাতে জানে কিছুটা পানি হয়ত এল কিন্তু বুকের মধ্যে শুরু হল অন্তহীন এক হাহাকার। প্রাণের স্বামীকে ‘হারানোর’ পর নাড়িছেঁড়া ধন, রত্ন-মানিককেও চোখের আড়াল করতে হল।
