আহ, বেচারী দুর্ভাগিনী, মৃত্যুকালে প্রাণের স্বামীকে যদি একটু কাছে পেত! হাত জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে, রুদ্ধ হয়ে আসা নিঃশ্বাসে দুটো কথা বলতে পারত! আহ, হতভাগিনী মা, সারাজীবন বুকে আগলে রাখা কলিজার টুকরো দুটোকে যদি শেষবারের মত একটু আদর করতে পারত! বুকে জড়িয়ে, অশ্রুর বাঁধ ছেড়ে দিয়ে একটু চুমু খেতে পারত!! কলজের বাঁধনগুলো ছিঁড়ে ছিঁড়ে বলতে পারত- তোর বাবা থেকেও তো নেই, তোদের এই ছোট্ট বোনটাকে দেখে রাখি…স…।
কিন্তু জনমদুঃখিনী মায়ের মৃত্যুকালেও সঙ্গী হল সেই দুঃখ। দুধের বাচ্চা ছাড়া কাউকে তিনি কাছে পেলেন না। সদ্য নাড়ি ছিঁড়ে বাইরে আসা মাণিককে বুকের সঙ্গে চেপে ধরে জীবনের শেষ স্তন্যদান করলেন। আর আসমানের দিকে তাকিয়ে বললেন, আমার আল্লাহ! জীবন যতক্ষণ সঙ্গ দিয়েছে, আমি চেষ্টা করেছি তোমার আমানতের হেফাজত করতে। এখন তোমার আমানত তুমিই বুঝে নাও আল্লাহ!
নিষ্ঠুর এই পৃথিবীতে, অন্ধকার এই কুঠুরিতে কে দেখবে আমার এই ছোট্টমণিকে? আল্লাহ! হয় তুমি তার জন্য মমতার নতুন কোন আঁচল তৈরি করে দিয়ো, না হয় আমার কলিজাকে আমার বুকেই ফিরিয়ে দিয়ো।
আমার ফুলকলি! আমার ছোট্টমণি! আমার মা-মণি! ঐ দেখো, সাদা লেবাসে, রেশমী পোশাক আর জান্নাতী খুশবু নিয়ে তারা আমাকে নিতে এসেছে। আমার সোনামণি, আল্লাহ তোমার হাফিজ!
রাতের আঁধারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে স্বামী যখন ঘরে ঢুকল, ছোট্ট শিশু তখন মায়ের পাশে উপুড় হয়ে কাঁদছিল। মদের নেশায় উন্মত্ত হয়ে বাচ্চাকে সে পিছনে ঠেলে দিল। আর স্ত্রীকে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিল। কিন্তু আজ আর কোন সাড়া পাওয়া গেল না। স্ত্রীকে সে জড়িয়ে ধরল। কিন্তু সবকিছু নীরব-নিস্তব্ধ, ঠাণ্ডা-জমাটবদ্ধ। ভয়ংকর এক বিদ্যুৎপ্রবাহ তার শরীরকে হীম করে দিল। ঘোলা চোখের ঝাপসা দৃষ্টিতে সে স্ত্রীর বিস্ফারিত চোখের দিকে তাকাল।
তার মনে হল, মৃত্যুর বিভীষিকা, যমদূতের কালো থাবা তার দিকে তেড়ে আসছে। ভয়ে সে এক পা দুই পা করে পিছাতে লাগল। হঠাৎ ক্ষীণ একটা গোঙ্গানো শব্দ তার কানে আসল। পিছন ফিরে দেখল, তার কলিজার টুকরাটা তারই পায়ের তলে পিষ্ট হয়ে ‘মায়ের কাছে’ চলে গেছে। গগনবিদারী একটা চিৎকার বুক ফেটে বেরিয়ে আসল। আর সে বেহুঁশ হয়ে পড়ে গেল। হুঁশ ফিরে দেখল, কয়েদীদের হাসপাতালে তার শুশ্রূষা চলছে।
***
