আমি বললাম, একটু দৃঢ় ইচ্ছা, একটিমাত্র প্রতিজ্ঞা তোমাকে ফিরিয়ে আনতে পারে আগের জীবনে, ইজ্জত-সম্মান ও সুখ-সমৃদ্ধির রাজপথে। সে বলল, ইচ্ছা বা প্রতিজ্ঞা হল স্বাধীন মানুষের অধিকার। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ যারা, তাদের তো ইচ্ছাধিকার বলে কিছু নেই। সুতরাং আমাকে তাকদীরের হাতে সঁপে দাও। উপরওয়ালার ফায়সালা কার্যকর হতে দাও। আর পুরোনো বন্ধুত্বের দায় যদি অনুভব করো তাহলে বিদ্রূপের হাসি না হেসে আমাকে করুণার দৃষ্টিতে দেখো।
তারপর বুকফাটা এক চিৎকার দিয়ে শিশুর মত ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কোথায় গেল, আমি জানি না। হয়ত সেও জানে না। জঞ্জাল-আবর্জনা যেমন ঢলের তোড়ে ভেসে চলে এবং সমুদ্রতটে গিয়ে আছড়ে পড়ে, মদ-জুয়া ও নেশার তাড়ায় সেও তেমন ভেসে চলল, প্রকৃতির পাটাতনে যমের আছাড় খাওয়ার জন্য। কত ভালো হত আমি যদি না থাকতাম, আমাকে যদি দেখতে না হত তার ভয়ংকর পরিণতির বীভৎস রূপ!
কিছু দিন পরেই তার বস্ তাকে চাকুরিচ্যুত করল। ভাগ্যের বড় নির্মম পরিহাস, যে মানুষটা নিজের হাতে টেনে এনে তাকে পানের জলসায় ঘনিষ্ঠ করল, জুয়ার আসরে পাক্কা খেলোয়াড় বানাল, যার চোখের কালো চশমায় এই অবোধ লোকটা রঙিন রঙিন স্বপ্ন দেখল, সেই মানুষটাই বিনা বাক্যবিনিময়ে তার চাকুরিটা খেয়ে দিল।
