ধীরে ধীরে তার আওয়াজ স্পষ্ট হয়ে আসল। তিনি বললেন, মদ-জুয়ায় আসক্তদের কপালে যা জোটে আপনার বন্ধুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। মাত্র কয়েকদিনের মধ্যে সারাজীবনের সঞ্চয় বরবাদ করে ফেলল। তারপর শুরু হল ঋণ করা এবং বন্ধক রাখা। আর আপনি তো জানেন ঋণ মানেই সুদ। ঋণের ভারে নুজে পড়া পিঠের উপর সুদের দ্বিগুণ বোঝা চাপিয়ে কুঁজো করাই মহাজনদের কাজ। আমার ব্যবহারের অলংকার, কাপড়-চোপড়, ঘরের ছোট-বড় সমস্ত আসবাবে সুদী মহাজনদের আলমারি বোঝাই হয়ে গেল। এমনকি শেষ পর্যন্ত আমাদের মাথা গোঁজার ঠাঁই, অসহায় ছোট ছোট বাচ্চাদের এক আশ্রয়, এই ভিটেমাটিও সে বিক্রি করে দিল। তখন এতগুলো বনী আদমের বাঁচার একমাত্র অবলম্বন ছিল তার মাসিক ভাতা।
আফসোস, এটুকুও যদি থাকত! মাস শেষে যে মাসহারা পেতো, বাড়ি ফেরার পথেই সব পাওনাদার আর জুয়ারীরা ভাগবাটোয়ারা করে নিত। ফলে এবার আমাকে হাত ঢুকাতে হল কলিজার ভিতরে। আমার মায়ের দেয়া কিছু গহনা, এতদিন যা পরম যত্নে লুকিয়ে রেখেছিলাম, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকা বাচ্চাদের মুখে দু’লোকমা খাবার তুলে দিতে, এবার আমাকে হাত দিতে হল সেখানে। সর্বশেষ হারটা বিক্রি করেছি আজ থেকে এক বছর আগে। আল্লাহ জানেন, কী হাশর হত আমার এবং আমার বাচ্চাদের, যদি না আমার প্রতিবেশিনী আমাদের দিকে একটু খেয়াল রাখতেন! যদি না তার কয়েকটি লোকমা থেকে দু’একটি লোকমা আমাদের জন্য বাঁচিয়ে রাখতেন! আল্লাহ তাকে শায়ানে শান জাযা দান করুন।
তো আমার দ্বীনী ভাই, আল্লাহর পরে এখন আপনিই আছেন যে তাকে রক্ষা করতে পারেন। সবার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আপনাদের মধ্যে যে অকৃত্রিম বন্ধুত্ব, আন্তরিক ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধ আছে, তাতে আশা করা যায়, আপনার কথা সে ফেলতে পারবে না। আল্লাহর ওয়াস্তে আপনি আমার এই উপকারটুকু যদি করেন, মওত পর্যন্ত আমি আপনার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখব। দুনিয়া-আখেরাতে আল্লাহ আপনাকে সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করুন। আসসালামু আলাইকুম।
***
