গভীর রাতে, মানুষ যখন গভীর ঘুমে অচেতন থাকে, পুলিশেরা যখন চৌকিতে বসে ঢুলতে থাকে, তখন সবাইকে এড়িয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার স্বামী ঘরে আসে। সংসারের খোঁজখবর নেয়ার জন্য নয়, স্ত্রী-সন্তানদের এক পলক দেখার জন্যও নয়; বরং তাদের সুখের লোকমা ছিনতাই করে নিজের ‘পানপাত্রের’ মূল্য পরিশোধের জন্য।
কিন্তু নিয়তির লীলা বোঝা বড় দায়। এমন সতীসাধ্বী, সহজ-সরল, হতভাগা একজন নারীর জন্য এত লাঞ্ছনা, বঞ্চনা ও অসহনীয় যন্ত্রণাও যেন যথেষ্ট ছিল না। সব ভোগান্তির ষোলকলা পূর্ণ করার জন্য নিয়তি এবার নতুন আয়োজন করল। গর্ভে নতুন সন্তানের আগমন ঘটল। খুব শীঘ্রই যে পোড়া কপাল নিয়ে আগের তিন হতভাগার সাথে যোগ দেবে।
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মা চিৎকার করে উঠলেন, আর যে পারি না আল্লাহ! একটু তো রহম করো। একটিবার তো করুণার দৃষ্টি দাও। দুঃখের সাগরে ভাসতে থাকা নৌকায় নতুন কোন যাত্রীর তো সংকুলান নেই। আমাকে না হোক, নতুন এই প্রাণের প্রতি একটু তো সদয় হও।
ক্ষুধা-অনাহারের যাতনায় পিষ্ট, রোগ-ব্যাধির প্রকোপে বিধ্বস্ত, রুগ্ন ও ভগ্নস্বাস্থের উপর গর্ভ সঞ্চারের বোঝাটা শাব্দিক অর্থেই মড়ার উপর খাঁড়ার ঘা হল।
