হৃদয়বিদারক ঘটনাবলী

হ্যাঁ, আমার ভাই, আমার বন্ধু! দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আমার বোনটি এবার রুদ্ধ ও স্তব্ধ হয়ে গেল। দীর্ঘ সময় শুধু তার ফুঁপিয়ে কাঁদার ক্ষীণ আওয়াজ কানে আসল। চোখদুটো বন্ধ করে একটু কল্পনা করুন, নিজের স্বামীর সামনে কোন পরপুরুষ যদি স্ত্রীর দিকে হাত বাড়ায়, আর স্বামী যদি নির্বিকার থাকে তখন একজন অভিজাত নারীর কাছে কেমন লাগতে পারে! আহ, আসমানের মালিক! আসমানের দরজাটা একটু খুলে দাও, আমাকে একটু তুলে নাও। নাহ, আল্লাহ, এত উপরে উঠার শক্তি আমার নেই। ওহ্, যমীনের মালিক, পায়ের নিচের মাটিটা একটু ফাঁক করে দাও, আমাকে মাটির নিচে ধ্বসিয়ে দাও। নাহ, আমি জানি, এর কোনটাই হবে না; আমাকে বরং ধুঁকে ধুঁকে মরতে হবে। আমার দেহ বেঁচে থাকবে, কিন্তু আত্মার অপমৃত্যু ঘটবে। আমার হৃৎপিণ্ডের ধুকধুক স্পন্দন অব্যাহত থাকবে, আর হৃদয়ের অঙ্গারগুলো ধিকিধিকি জ্বলতে থাকবে। আমাকে হাসিমুখে সবার মাঝে চলতে হবে, আর আমার ইজ্জত-আবরু ও সম্ভ্রম-সতিত্বের মুখে চুন কালি পড়বে!

নাহ, আমার আল্লাহ বড় মেহেরবান। আমার আল্লাহ আমার কথা শুনেছেন। কয়েক হাজার বছর আগে একজন নারীর হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ একজন ইউসুফকে যেভাবে দরজা খুলে দিয়েছিলেন, আজ এত হাজার বছর পরে আমার মত একজন নারীকেও সেই আল্লাহ দরজা দেখিয়ে দিলেন। আমি রাতের ‘কালো পর্দা’ গায়ে জড়িয়ে আমার প্রতিবেশিনীর কাছে আশ্রয় নিলাম…

পর্দার আড়ালে কান্নায় ভেঙে পড়া আমার বোনের কোন শব্দ আমি শুনিনি, তবে তার বুকের খাঁচা ভেদ করে গুমরে গুমরে বেরিয়ে আসা এই কথাগুলো আমি হৃদয়ের কানে শুনতে পেয়েছিলাম।
দীর্ঘসময় পর তিনি কিছুটা স্বাভাবিক হলেন। চোখের অশ্রু সত্যিই জখম কলবের কার্যকরী এক মলম। হৃদয়ের গভীরে তাজা জখম থেকে যখন ফিনকি দিয়ে রক্ত ছোটে তখন যদি চোখের বাঁধ খুলে হৃদয়-সরোবরে তার সংযোগ ঘটানো যায়, তাহলে অশ্রুর বন্যায় হৃদয়ের রক্ত ধুয়েমুছে সাফ হয়ে যায়।
***

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart