এখন আমি যেখানে দাঁড়িয়ে, সেতো নয় কোন বাড়ি। এতো বিরান কবরের মত ভূতুড়ে এক কুঠুরি। দিনের আলোতেও যেখানে আঁধার ঘুচে না। রাতের অন্ধকার হানা দিলেও যেখানে বাতি জ্বলে না। যেখানে মানুষ নামের কোন প্রাণী বাস করে না। হুতুমপেঁচাদের দাপাদাপি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই কবর-কুঠুরিই কি সেই বাগানবাড়ি? এই নিঝুম শ্মশানই কি আমার বন্ধুর বাড়ি?! এই যে বকুল গাছটা, আমিই তো লাগিয়েছিলাম। ঐ যে শান বাঁধানো চেয়ার-ছাতা, এখানে বসেই তো আমাদের কথা হত। নানান সুখ-দুখের আদান-প্রদান হত। এতো সেই বেলকনি যেখানে আদরের দুলালদুটো গাড়ি চালাত! আমার ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। না জানি, কী ভয়ংকর দুর্যোগটাই না তাদের উপর দিয়ে বয়ে গেছে।
দুরুদুরু বুকে দরজায় গিয়ে দাঁড়ালাম এবং কাঁপাকাঁপা হাতে কড়া নাড়লাম। একটু বিরতি দিয়ে দিয়ে একবার, দুইবার এবং তিনবার। প্রথম দুইবার কোন সাড়াশব্দ না পেয়ে ফিরেই যেতে চাচ্ছিলাম। মনে হল, রাতের আঁধার নেমে আসায় তারা হয়ত তৃতীয়বারের অপেক্ষা করছে। কারণ, শরিফ ইনসান সাধারণত তৃতীয়বার আওয়াজ না দিয়ে প্রত্যাবর্তন করে না। হ্যাঁ, আমার ধারণা একেবারে অমূলক ছিল না। জানালার ছিদ্রপথে একচিলতে আলো এগিয়ে আসতে দেখে দরজা থেকে একটু সরে দাঁড়ালাম। ছেঁড়া-মলিন কাপড়ে রুগ্নদেহের ছোট এক বাচ্চা। কুপির আলোয় তার শুকনো চেহারার আয়নায় ভেসে উঠল তার বাবার ছবি। এতো সেই আদরের দুলাল, সোনার চামচে যে দুধ খেতো, আর বাগানের দোলনায় দোল খেত। তার কান্নায় সবাই বিচলিত হত। তার হাসিতে প্রাসাদ মুখরিত হয়ে উঠত।
জানতে চাইলাম, বাবা কোথায়? ইশারায় সে আমাকে ভিতরে আসতে বলল। বিরান বাড়ির এক সুনসান ঘর। খাট নেই, চেয়ার নেই, জানালার গায়ে পর্দা নেই। জীর্ণ-ছিন্ন ময়লা এক চাদর বিছিয়ে আমাকে বসাল। কালের কালো থাবায় ঘরের ছাদ-মেঝে যদিও ক্ষতবিক্ষত হয়েছে, মাকড়সার অবিরাম তৎপরতা দেয়ালের রং-আলপনায় যদিও প্রাধান্য বিস্তার করেছে, কিন্তু খোদাই করা নকশাগুলো আগের মতই অক্ষত রয়ে গেছে।
