হৃদয়বিদারক ঘটনাবলী

মানবরূপী কিছু ইবলিশ তার চারপাশে জড়ো হল। তাকে ভুলিয়ে ভালিয়ে, ভয়ভীতি দেখিয়ে এবং লোভ-লালসার ফাঁদে আটকে তাকে হাজির করল তারই অফিসের বড় বসের খাস আসরে। ব্যস, তার বসের মজলিসে বসার দিনটিই ছিল নতুন জীবনের প্রথম দিন এবং পরিচিত জীবনের শেষ দিন। যেখানে সে এক মুহূর্তের সংস্পর্শে নিজের দ্বীন-দুনিয়া ও বিবেক-বুদ্ধি বিকিয়ে দিয়েছে। নিজের আখলাক-চরিত্র ও সম্ভ্রম-মর্যাদা বিসর্জন দিয়েছে। শুরুতে কিছুদিন নিজের মানবতা ও বিশ্বস্ততা এবং সরলতা ও উদারতার কল্যাণে বসের ডান হাত হয়ে থাকল। ফলে ডান-বাম উভয় হাতে বসের কল্যাণ-কম্পা কেচে-মুছে আনতে লাগল। আমি ভুলে গেলাম পরিবারের প্রতি দায়িত্বে তার চরম অবহেলা, স্ত্রী-সন্তানদের প্রতি লজ্জাজনক অনীহা, এমনকি সারারাত বাইরে কাটিয়ে শেষ রাতে ঘরে ফেরার মতো অমার্জনীয় অপরাধপ্রবণতাও বেমালুম ভুলে গেলাম। কিংবা জেনে বুঝেও এড়িয়ে গেলাম।

হঠাৎ একদিন রাতের আঁধারে ঢুলতে ঢুলতে এবং কাতরাতে কাতরাতে ঘরে এসে পড়ে গেল। আমি অস্থির হয়ে তেল-পানি মালিশ করতে লাগলাম। আর তখনই আমি আঁতকে উঠলাম। ইন্না-লিল্লাহ, আমার স্বামী তাহলে পানাসক্ত, নেশাগ্রস্ত! আমার জীবনসঙ্গী তার বসের পান-আসরের ঘনিষ্ঠ?! আমি তার হাতে ধরলাম, পায়ে পড়লাম, চোখের পানিতে বুক ভাসিয়ে কত অনুনয়-বিনয় করলাম। পাষাণহৃদয় কোন নিষ্ঠুর মানুষ হলেও সম্ভবত তার হৃদয় বিগলিত হতো। কিন্তু এই সেদিনের কোমল-হৃদয় এমন দয়ালু মানুষটা পাথরের চেয়েও নির্মম হয়ে গেল। এর দুদিন পরেই তাকে জুয়ার আসরে দেখা গেল। এটাই স্বাভাবিক, কারণ পাপের পথ ও পন্থা অসংখ্য হলেও পাপীর পরিণতি অভিন্ন। সাত সাগর তেরো নদী ঘুরে মহাসাগরের অতল গহ্বর বিলীন হয়ে যাওয়া। ঠিক যেমন জঞ্জাল-আবর্জনা, বানের পানির শ্রোতে ভাসতে ভাসতে সাত ঘাটের পানি খেয়ে তবেই গিয়ে সাগরে মেশে।

সোহাগের স্ত্রী, আদরের ছেলেমেয়ে সবাই তার চোখের শূলে পরিণত হল। কারণে-অকারণে বকাঝকা করে। কাছে ঘেঁষলে মারধর করে। আব্দার করলে চোখ রাঙানি দেয়। যার আত্মমর্যাদাকে সম্মান করে কোন পুরুষ তার জানালায় কখনো চোখ তুলে তাকায়নি, সেই মানুষটা সন্ধ্যার পর দলবল নিয়ে উপরে আসত, রাতভর নেশা করত। কখনো মাতাল হয়ে সারা বাড়ি মাথায় তুলতো। কেউ কেউ আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকত, আর সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। মদের নেশায় চুর হয়ে কখনো তারা আমাকেই ধাওয়া করত। এমনকি একদিন ওরা আমার ওড়না টেনে ধরলো…।

***

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart