বন্ধু আমার! নিজের জন্য তুমি যে জীবন বেছে নিয়েছো, এটাতো সমাজের ইতর, অকর্মা, অপদার্থদের জগত। মানব-সমাজে মুখ দেখাতে পারে না বলে তারা এই চোরাগলিতে গা ঢাকা দেয়। একসময় যমদূত তাকে ছোঁ মেরে নিয়ে যায়, ফলে দেশ ও সমাজ তার কলংক থেকে পরিত্রাণ পায়। তারা দেশের বোঝা, দশের শত্রু। আর তুমি হলে মানবতার বন্ধু, দেশ ও জাতির অমূল্য সম্পদ। তুমি কেন দিক হারালে, অন্ধকার পথে পা বাড়ালে? দুর্বিষহ জীবনে অতিষ্ঠ হয়ে কেউ যদি পরপারে যাওয়া ভালো মনে করে তাহলে তার সহজ উপায় হল, এক ফোঁটা বিষ নেওয়া এবং এক নিমিষে ওপার চলে যাওয়া।
কিন্তু এভাবে তিলে তিলে ক্ষয় হওয়া, তুষের ধিকিধিকি আগুনে জ্বলে পুড়ে কয়লা হওয়া, তারপর পরিবার-পরিজনকে পথের ভিখারি বানিয়ে, তাদের মুখে চুনকালি লাগিয়ে আজরাইলের শিকারে পরিণত হওয়া- এ কেমন নিষ্ঠুরতা, নিজের প্রতি এবং স্বজনদের প্রতি?
জীবন-সংগ্রামের পদে পদে তাকদীর আমাদের কপালে এমনিতেই যে ভাগ্যবিপর্যয় লিখে রেখেছে সেগুলো সামলাতেই আমাদের নাকানিচুবানি অবস্থা। তার সঙ্গে আবার উদ্যোগ-আয়োজন করে নতুন নতুন দুর্যোগ টেনে আনার দুঃসাহস আমরা কিভাবে দেখাই!
না বন্ধু, আমি তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। ধ্বংসের ভয়াল থাবার সামনে তোমাকে একা ফেলে যেতে পারি না।
