হৃদয়বিদারক ঘটনাবলী

সুনসান ভূতুড়ে ঘরটা এবার অন্ধকার কবরে পরিণত হল। যেখানে আশার কোন আলো ছিল না; ছিল শুধু হতাশার অন্ধকার। দেয়ালের ফাঁক গলে সেখানে পৌঁছত না চাঁদ-সূর্যের আলোকরশ্মি। কিন্তু দেহের প্রাচীর ভেদ করে মনের গভীরে হানা দিত অনিরাপত্তার ভয়াবহ দাবানল। তবে মাঝেমধ্যে এই অন্ধকার কুঠুরি আলোকিত হত এক বৃদ্ধা প্রতিবেশিনীর আগমনে। মায়ের মমতা নিয়ে যিনি মাথায় হাত বোলাতেন এবং শান্তি ও সান্ত্বনার কথা শোনাতেন। যখন তিনি বিদায় নিতেন, আমার বোনের হৃদয়াকাশ কালো মেঘে ছেয়ে যেত। তার অন্তসত্তায় কালবৈশাখীর ঝড় বয়ে যেত, দু’চোখ জুড়ে আষাঢ়-এর ঝপঝপ বৃষ্টি নেমে আসত। চোখের পানিতে বুক ভাসাতেন আর ভাবতেন ফেলে আসা সোনালী অতীতের কথা।

কল্পনার রাজ্যে তিনি ভাড়া করতেন একটি সুখের ভেলা। তাতে চড়ে পাড়ি দিতেন উল্টো পথে দুঃখের মহাসাগর। পৌঁছে যেতেন বহুদূরে ফেলে আসা ছোট্ট এক সবুজ দ্বীপে। সেখানে আছে ফুলবাগানবেষ্টিত আলোঝলমল এক রাজপ্রাসাদ। বকুল গাছটার নিচে বকুল ফুলেরই মালা পরে বসে আছে তার রাজপুরুষ, তার প্রাণপ্রিয় স্বামী। পাখির কলরব-কলতানে প্রাণবন্ত বাগান, আর আদরের দুলালদুটোর দৌড়ঝাঁপে মুখরিত প্রাসাদ, সুখের পেয়ালা কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ছে।

হঠাৎ দুই কাঁধে দুটি নিষ্ঠুর থাবার ঝাঁকুনিতে তাকে ফিরে আসতে হল অন্ধকার কুঠুরিতে। সোনার প্রাসাদ ও স্বপ্নের বাগানবাড়ি ফেলে, ফিরে আসতেই হল সুখস্মৃতির মায়াজাল ছিন্ন করে-নির্মম, তিক্ত ও বিষাক্ত বর্তমানের বাস্তব জীবনে। তার স্বপ্নের রাজপুরুষ এখন ভৃত্য-কাপুরুষ। বকুলের মালা পরা তার স্বামী এখন লাঞ্ছনার বেড়ী পরা পানশালার গোলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart