বিস্ময়ে বিমূঢ় হয়ে নিজেকেই আমি প্রশ্ন করলাম, এই মানুষটাই কি আমার সাত বছর আগের সেই বন্ধু, মর্যাদা ও আভিজাত্যের দ্যুতি যার চোখমুখ থেকে ঠিকরে পড়ত! যার মহৎ চরিত্র ও মহান ব্যক্তিত্ব চারপাশের পরিবেশকে জ্যোতির্ময় করে রাখত! যার অস্তিত্বের প্রতিটি কণা থেকে সুখ-সমৃদ্ধির সঙ্গীত অনুরণিত হত! কিন্তু সেদিনের সেই তরতাজা নওজোয়ান মাত্র সাত বছরের ব্যবধানে সত্তর বছরের থুরথুরে বুড়ো হল কিভাবে? চোখদুটো হাড়ের বেষ্টনী ফাঁকি দিয়ে কীভাবে গর্তে ঢুকে গেছে। চাপাদুটো দাবতে দাবতে ভাঙা কবরের রূপ নিয়েছে। কপালটা কেমন কুঁচকে গেছে। চামড়াগুলো কুঁকড়ে আছে। কাঁধদুটো দুদিক থেকে উর্ধ্বমুখে সরে গিয়ে দুশ্চিন্তার পাহাড়ে নুইয়ে পড়া মাথাটাকে যেন একটু ঠাঁই দিয়েছে। সত্যিই চমকে ওঠার মত দৃশ্য!
আমি আশা ও আশংকা এবং করুণা ও হতাশার মিশ্র অনুভূতিতে ভীষণ মগ্ন হয়ে বললাম, কেমন আছো ভাই! একী অবস্থা তোমার বন্ধু?
আমার অভিব্যক্তি থেকেই সে বুঝে ফেলেছিল যে, আমি সব জেনে গেছি। তাই মাথাটা নিচু হয়ে আপনাআপনি বুকের সাথে লেগে গেল। তাকে এতটাই বিব্রত মনে হল, যেন সে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে চাইছে। আমি তার আরো কাছে গেলাম, কাঁধে হাত রেখে বললাম, আমি বুঝে উঠতে পারছি না, তোমাকে কী বলবো। কোন্ ভাষায় বলবো! তুমিইতো ছিলে আমার অন্ধকার পথে আলোর ইশারা। আমার আঁধার রাতে আলোর মিনারা। কালের দুর্যোগ-দুর্বিপাকে তুমিই ছিলে আমার ভরসা। আমার এগিয়ে চলার পথে তুমিই ছিলে একমাত্র প্রেরণা। সুতরাং তোমার সামনে কি আমার মুখ খোলা সাজে?! নিজের কথা না হয় তুমি বাদ দিলে, কিন্তু তোমার অসহায় স্ত্রী, চাঁদের মত দুটো বাচ্চা, আসমানের নিচে যমীনের উপরে তুমি ছাড়া যাদের কেউ নেই, কোন উপায়-অবলম্বন নেই, তাদের কী অবস্থা হবে?
