এমনই হয়, রাঘব-বোয়ালরা শুধু খায়। একটা করে শিকার ধরে, আর ধীরে ধীরে তার সর্বস্ব লুটে নেয়। প্রথমে খায় বিবেক-বুদ্ধি। তারপর চায় ধনসম্পদ। সর্বশেষ কেড়ে নেয় শরীর-স্বাস্থ্য। চাকুরিটা ছিল এই সাদাসিধে মানুষটার কংকাল-দেহের ফুরিয়ে আসা শ্বাস-প্রশ্বাস। আর কয়েকটা নিঃশ্বাস ছাড়লেই হয়ত শেষ নিঃশ্বাস ত্যাগের ঘণ্টা বেজে উঠত, কিন্তু বসের হাতে এতটা সময় ছিল না।
বাড়ির নতুন মালিক, সেইবা কয়দিন সময় নেবে আগেরজনকে নামিয়ে দিতে! ফলে তাকে স্ত্রী-সন্তান নিয়ে উঠতে হল কানা গলির এক ভূতুড়ে ঘরে। বাড়ি তো নয় যেন মুরগির খোপ। ময়লা-দুর্গন্ধে কাছে ভেড়া দায়।
***
বন্ধুর সাথে এখন আর আমার বসা হয় না, কথা হয় না। মাঝেমধ্যে তাকে দেখা যায় পানশালার পথে। যেতে দেখলে আমি গা ঢাকা দেই। ফিরতে দেখলে কাছে যাই। চোখেমুখে লেগে থাকা ময়লা-মাটি মুছে দেই। তারপর হাত ধরে বাসা পর্যন্ত পৌঁছে দেই।
যমানার গর্দিশ তাকে ভিতর ও বাহির থেকে একসঙ্গে কুরে কুরে খেতে লাগল। তাজা তাগড়া একটা দেহকে অল্প দিনেই কংকাল বানিয়ে ছাড়ল। জ্ঞান ও প্রজ্ঞার ঝর্ণা-তার বিবেককে শিশুমস্তিষ্কের রূপ দিল।
রাস্তায় তাকে চলতে দেখলে মনে হয় না, কোন মানুষ হাঁটছে; বরং এ যেন ভ্রাম্যমাণ কোন ছায়া, যার কোন নির্ধারিত পথ বা গতিপথ নেই। কখনো দেয়ালের গায়ে আছড়ে পড়ছে। কখনো বা গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ছে।
