হৃদয়বিদারক ঘটনাবলী

হ্যাঁ, এটা হল প্রাসাদের খাস কামরা, যেখানে আমরা একান্তে বসে কথা বলতাম। এখানে আমার বহু বিকাল সন্ধ্যা হয়েছে। অনেক রাত ভোর হয়েছে। কত হাসি-আনন্দের স্মৃতি এখানে, এই কামরায় জড়িয়ে আছে। পর্দার আড়াল থেকে সৌজন্য বিনিময় শুনে তার মা আমাকে চিনতে পারল এবং বাচ্চার মাধ্যমে কথা বলার অনুমতি চাইল। দৃষ্টি নীচু করে আমি অপেক্ষা করতে লাগলাম। ভবনের প্রতিটি ইট-বালু-কণা, বাগানের প্রতিটি ফুল-কলি-পাতা, বাড়ি ও ভিটেমাটির প্রতিটি অণু-পরমাণুর যে দুর্দশা এতক্ষণ দু’চোখে দেখেছি, তাদের যে অভিযোগ-অনুযোগ ভিতরের কান দিয়ে শুনেছি এবং ভিতরে ভিতরেই কেঁদে জার জার হয়েছি। সেগুলোই হয়ত আরো ভয়ংকর, আরো কুৎসিত, আরো বীভৎসরূপে এখন আমাকে শুনতে হবে চামড়ার কানে। অসহায় একজন নারীর বাকরুদ্ধ কণ্ঠে। হতভাগ্য একজন মায়ের কান্নাজড়িত করুণ স্বরে। তবে প্রতিটি কালো থাবার পিছনে আমি যে প্রেতাত্মাকে তালাশ করে ফিরছি, যার অপচ্ছায়ায় এমন আলোঝলমল একটি সংসার তছনছ হয়ে গেল, সম্ভবত এবার আমি তার খোঁজ পেয়ে যাবো।

দরজার ওপাশ থেকে ভেসে আসা সালামের আওয়াজে আমি উৎকর্ণ হয়ে বসলাম। তিনি বললেন, আপনার বিদায়ের পর তার কী দুর্গতি হয়েছে, আমাদের উপর কী মহাদুর্যোগ নেমে এসেছে, আপনি কিছু জানেন?
আমি খুব লজ্জা-সংকোচের সাথে বললাম, কায়রো ত্যাগ করার পর আজই প্রথম ফিরলাম। এই দীর্ঘ সাত বছরে একবারও আসার সুযোগ হয়নি। পত্রযোগে তার খোঁজখবর নেয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
দীর্ঘ নিশ্বাস ছেড়ে তিনি বললেন, আহ, যদি আপনি কায়রো না ছাড়তেন, কত ভালো হতো! যদি আপনার বন্ধুকে ত্যাগ না করতেন, তাহলে কি তার এই সর্বনাশ হতো?!

আপনি তো দেখেছেন, সে কেমন সহজ-সরল, আলাভোলা। যাকে তাকে বিশ্বাস করে, শত্রু-মিত্রের ফরক বোঝে না। যতদিন আপনি তার পাশে ছিলেন, তার দ্বীন-ঈমান ও আখলাক-চরিত্রের রক্ষাকবচ হয়ে ছিলেন। সত্যিকার অর্থেই আপনি তার জন্য সুরক্ষিত এক দূর্গ ছিলেন। আপনি চলে যাওয়ার পর থেকেই সে যেন অসহায়, অরক্ষিত হয়ে পড়ল; হিংস্র বাঘের সামনে দুর্বল-নিরস্ত্র মানুষ যেমন অরক্ষিত। ক্ষুধার্ত হায়েনাদলের বেষ্টনীর মাঝে মায়াবী হরিণ যেমন অসহায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart