কিন্তু রক্তমাংসের মানুষ হলেও ক্লিনিকের এই কসাইগুলো মানুষের মুখের ভাষা এবং গরীবের মনের ব্যথা বোঝে না। তারা চেনে শুধু টাকা-পয়সা। বোঝে শুধু অর্থকড়ির ভাষা। হিংস্র পশুর চোখে হরিণের মায়াবী চোখ ও আকর্ষণীয় সৌন্দর্যের যেমন কোন মূল্য নেই, তার লোভনীয় কমনীয় গোশতই একমাত্র লক্ষ্য, দুই পায়ে হাঁটা, এক হাতে খাওয়া, ডাক্তার নামের এই নরপশুদের বুকেও কোনো হৃদয় নেই। তাদের মনে কোন দয়ামায়া ও করুণা-কম্পা নেই। গরীব-বিধবাদের অসহায়ত্বের প্রতি তাদের বিন্দুমাত্র কোমলতা ও দয়ার্দ্রতা নেই। রোগীর দেহটা যেন তাদের মূলধন, যা কাটাচেরা ও ছেঁড়া-ফাড়া করে লভ্যাংশ বের করতে হবে। যদি তাই না হবে তাহলে নিজের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটার পর লাশ আটকে তারা টাকা আদায় করে কোন্ অনুভূতিতে?
চিকিৎসাকে তারা ব্যবসা হিসেবে গ্রহণ করে, অথচ ‘ব্যবসায়ী’ বললে তারা নারাজ হয়। মানুষের দেহ নিয়েই তাদের রাতদিনের কারবার। কিন্তু ‘দেহব্যবসায়ী’ বললে তারা ক্ষুব্ধ হয়, রুষ্ট হয়। কাটাচেরা করাই তাদের প্রধান কাজ (যেমন, সার্জন ও গাইনী), তবু কসাই বললে তারা ফায়ার হয়ে যায়। যদি বলি মানবতার সেবক, খুশিতে আটখান হয়। যদি শোনে রোগী গরীব, তখনই মেজাজ বিগড়ে যায়। হায়রে মানবতার দরদী বন্ধু!!
অনেক চেষ্টা করেও কোন ডাক্তারের করুণা-ভিক্ষা পাওয়া গেল না। মানুষের সমাজে বসবাস করা এই নরাধমগুলোর কাছে এমন নিঃস্ব, অসহায় একজন মমতাময়ীর জীবনের কোন মূল্য ছিল না। তাই তার চিকিৎসার কোন ব্যবস্থাও হল না। মৃত্যুর কালো ছায়া তার চোখমুখ অন্ধকার করে দিল। তবে মহান সত্তার সাক্ষাৎ লাভের আশাবাদ তার অন্তর্জগতকে জ্যোতির্ময় করে তুলল। তার পবিত্র আত্মা সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টি নিয়ে মহান রবের উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
