হৃদয়বিদারক ঘটনাবলী

তুমি যখন চালকের আসনে ছিলে আমার জীবন-সফরের গাড়িকে বহুবার খাদের কিনার থেকে টেনে তুলেছো, পতন-মুখে ছুটে চলার গতিরোধ করেছো। আমার প্রতি, মানবতার প্রতি এই বিশাল অবদানের প্রতিদান দেয়ার উপযুক্ত সময় এখন এসেছে। সুতরাং এসো হাতে হাত রেখে আমরা শপথ করি, আর কখনো বিচ্ছিন্ন হবো না। এক ছাতার তলে, এক ছাদের নিচে, দুই দেহ এক প্রাণ হয়ে আমরা সুখে-শান্তিতে, সম্মান-সমৃদ্ধির সাথে বাকী জীবন কাটিয়ে দেব। দাও বন্ধু, হাতদুটো এগিয়ে দাও।

আমি আঁতকে উঠলাম, আমার পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল, সারা দেহে যেন বিদ্যুৎশকের ঝাঁকুনি খেলাম। আমার মাথায় যেন বায পড়ল। এ কী, আমার বন্ধু হাতটা পর্যন্ত বাড়ালো না! ভিতরটা আমার পাথর হয়ে গেল, দেহটা নিথর হয়ে আসল। চোখের সামনে ভেসে উঠল কংকালসার সন্তানকোলে, ছিন্ন বস্ত্রের জীর্ণমুখ ক্ষুধার্ত এক মায়ের ছবি, রুগ্নদেহের একটি মেয়েকে যে ডান হাতে আগলে রেখেছে। মৃত্যুর কালো ছায়া, হিংস্র হায়েনার ভয়াল থাবা, আবরু লুণ্ঠনের নগ্ন হাত তিনদিক থেকে তাকে ঘিরে রেখেছে, সামনে আমি নির্লিপ্ত দাঁড়িয়ে আছি।
হতভাগ্য একজন নারীর নিঃশব্দ আর্তনাদে, অসহায় একজন মায়ের করুণ দৃষ্টির নিদারুণ যন্ত্রণায় আমার অন্তরাত্মা কাতরাতে লাগল। আমি শক্তি, সাহস ও মনোবল সঞ্চয় করে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বন্ধু, তোমার হাত বাড়াতে সমস্যা কোথায়?

এবার সে হাউমাউ করে কেঁদে উঠল, এবং বলতে লাগল, তোমার সাথে মিথ্যা বলা আমার পক্ষে সম্ভব নয়। যেমন সম্ভব নয় তোমার এই ওয়াদা রক্ষা করা। কারণ লাঞ্ছনা ও বঞ্চনার পথ হচ্ছে উঁচু পাহাড়ের ঢালু পথ। ঢলের পানি যেখানে একবার গড়িয়ে এলে তলায় না গিয়ে থামে না। কোন শক্তিই তার গতি রোধ করতে পারে না। আর লাঞ্ছনার পেয়ালায় একবার যে চুমুক দেয় তলানি না চাখলে তার পিপাসা মেটে না। আমিও ঢলের প্রবাহ-পথে পড়ে গেছি। সুতরাং কোন বাঁধ ও বাধা আমার চূড়ান্ত পতন রুখতে পারবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart