ইন দা হ্যান্ড অব দা তালেবান

অভিজ্ঞতায় ভরপুর। ফোনে ডেইজি আমাকে মনে করিয়ে দিল ওর মাসিক পরীক্ষার পরই আমস্টারডাম যাওয়ার জন্য টিকিট বুক করা আছে। তাই আমি যেন নিউ ইয়র্কে অযথা কালক্ষেপণ না করি। ডেইজি দ্রুতই ফোন কেটে দেয়। অনেক দূরে বসে আমি ওর টেলিফোনের প্রতীক্ষায় মন খারাপ করি, ও কখনোই তা চায় না। তবে আমার মনে হয়, ছেলেবেলায় আমিও এমন করেছি।
বিমানবন্দর থেকে অফিসে ফেরত আসার সময় স্টামফোর্ডের ওয়াইন বারে একটা চুঁ মেরেছিলাম। ওখানকার ম্যানেজার লিনা দারুন একটা পানীয় তৈরি করে, যা তুমুল জনপ্রিয় এবং স্বাদেও দারুণ। আমার মতে পৃথিবীর অন্যতম সেরা পানীয়গুলো এখানেই পাওয়া যায়। স্টামফোর্ডের বারগুলো আমার অনেক পছন্দের। এখানকার সবাই খুব অতিথিপরায়ণ। টেবিলের পেছনের মেয়েগুলো সদা হাসিমুখেই থাকে। পরিবেশনকারীদের পানীয় মিশিয়ে ককটেল বানানোর ক্ষমতা অসাধারণ। সারাক্ষণ আনন্দ আর হাসি-ঠাট্টায় ভরপুর থাকে কৃত্রিম আলোয় উজ্জ্বল জায়গাগুলো। তবে আজকের পরিস্থিতি ছিল কেমন থমথমে। খুব একটা মানুষের উপস্থিতি ছিল না। যারা ছিল, তারাও কেমন যেন বিষাদে চুপ মেরে ছিল। ওখান থেকে একটা ক্যাব ডেকে সহোতে জেরির ক্লাবে চলে গেলাম।
সাধারণত, শেষ রাতে মাঝেমধ্যে জেরির ক্লাব হয়ে বাড়ি ফিরি। প্রকৃতপক্ষে প্রায় প্রতি রাতেই জেরির ক্লাবে যাওয়া হয়। এসব রাতের নীল পানির আকর্ষণ ঠেকাতে আমার উচিত হবে ডিন স্ট্রিট ও অক্সফোর্ড স্ট্রিটের নিরিবিলি রাস্তা পেরিয়ে সোজা বাড়ি পৌঁছানো। কিন্তু রাত তিনটার দিকে কোথাও গিয়ে এক বোতল পানীয় মিলবে, দু-চারটে গালি দিয়ে অফিসের রাগ ঝাড়া যাবে, এমনকি পকেটে কানাকড়ি না থাকলেও অসুবিধে নেই, এমন সুযোগ আমার জন্য কেবল জেরিতেই মিলবে।
কার্ডিফে একটা দৈনিকে কাজ করার সময় আট বছর আগে আমি এই ক্লাবের সদস্যপদ পাই। তখন কোনো এক কাজে লন্ডনে এসে পুরোনো বন্ধু কেভিনের সঙ্গে দেখা হয়। বন্ধু তখন অনুসন্ধানী সাংবাদিক। দুজনের পেশা একই হওয়ায় গল্প জমতে বেশি সময় লাগে না। জেরিতে বসে বসেই তিন বোতল খালি হয়ে যায়। আমাদের গল্প সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও দীর্ঘতর হচ্ছিল। তাই আমরা আরও কয়েক বোতল অর্ডার করি। দ্রুতই আমাদের পকেট খালি হয়ে আসে। তবে এখানকার বিচক্ষণ মালিক আমাদের ভাবগতিক দেখে বুঝতে পারে, জায়গাটা আমাদের পছন্দ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart