তাই আমাদের সে সদস্যপদ অফার করে বসে এবং বাকি হিসাব খোলার অনুমতি দেয়। সেই থেকে জায়গাটা আমার দ্বিতীয় বাড়ির মতো।
১১ তারিখ রাতে ক্লাবে আসার পর আমি হতভম্ব হয়ে যাই। চিরচেনা হইহুল্লোড়ের বদলে মাত্র কয়েকজন চুপচাপ বসে আছে। পরিচিত এক দম্পতিকে পেয়ে আমি ওই দিনের ঘটনা নিয়ে কথা বলতে শুরু করি। মেয়েটা দুঃখের সঙ্গে জানায়, তার সঙ্গীর জন্মদিন হওয়া সত্ত্বেও ওই দিন সে কিছুই করতে পারেনি। আমেরিকায় ঘটা সন্ত্রাসী হামলার পেছনে মধ্যপ্রাচ্যের কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর মদদ আছে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা হয়।
সন্ত্রাসের বিরুদ্ধে পশ্চিমের যুদ্ধ শুরু হচ্ছে কি না এ নিয়ে বেশ কিছুক্ষণ বিতর্ক হয়। লন্ডনে যেখানে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কার্যক্রম চলমান, সেখানে এই যুদ্ধের কী প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়ে সবাইকে বেশ চিন্তিত মনে হলো।
বাড়ি ফিরেই আমি পোর্টেবল টিভিটা অন করি। এটা বেশ কিছুদিন ধরেই যন্ত্রণা দিচ্ছে। তবে ক্ষণিক বাদেই ওই দিনের সংবাদ দেখতে পেলাম। কয়েক ঘণ্টা আগে বিশ্ব বাণিজ্য ভবন ধসে পড়েছে। ২০০ অগ্নিনির্বাপন কর্মী ও ৭৮ জন পুলিশ অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
লুইজিয়ানায় বার্কসভিলে বিমান ঘাঁটি থেকে প্রেসিডেন্ট বুশ দৃপ্তকণ্ঠে ঘোষণা দিয়েছেন, যে বা যারাই হামলা করে থাকুক না কেন, তাদের নিশ্চিতভাবে খুঁজে বের করা হবে এবং আমেরিকা এর শক্ত জবাব দেবে। বলিষ্ঠ, কঠোর ও প্রতিজ্ঞাবদ্ধ কণ্ঠস্বর।
তবে বক্তব্য প্রদানের পরই তিনি দ্রুত নেব্রাসকার বিমানঘাঁটিতে সটকে পড়েন। নেব্রাসকাতে আমেরিকার সামরিক বাহিনীর কৌশলগত পরিকল্পনার সদর দপ্তর অবস্থিত। ব্যাপারটা আমার কাছে দৃষ্টিকটু মনে হলো। উচিত ছিল, তিনি প্রথমে নিউ ইয়র্ক যাবেন এবং পরে ওয়াশিংটনের সদর দপ্তরে গিয়ে সব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। যদিও আমি রাজনীতিবিদদের নীতি ও আনুগত্য নিয়ে সংশয়বাদী, তবু এটা উচিত নয় যে, কোনো দুর্ঘটনা বা জাতীয় দুর্যোগের সময় নেতারা মাটির তলায় সুড়ঙ্গে গিয়ে লুকিয়ে থাকবেন।
পরদিন মাথাব্যথা নিয়ে ঘুম ভাঙলো। দ্রুতই আমার প্রিয় গ্রিজি স্পুন ক্যাফেতে গিয়ে একটা ল্যাটে ও বেকন স্যান্ডউইচের অর্ডার করলাম। সংবাদপত্রের প্রথম পাতাগুলো ছিল নাটকীয় শিরোনাম ও বিষাদময় ছবিতে ভরপুর।
