অফিসে যাওয়ার পর কাজ শেষ করতে করতে রাত দুইটা বেজে গেল। প্রচুর সংবাদ ও প্রতিবেদন তৈরি নিয়ে ব্যস্ত সময় পার করতে হলো। অফিসের একজন কর্মীরও বেকার বসে থাকার সুযোগ ছিল না। সবাইকেই ব্যস্ত হয়ে কাজ করতে হলো।
নিউ ইয়র্কে বন্ধু, সহকর্মী ও পরিচিত অনেককেই সারা দিন ফোন করেছি। এ ছাড়া মধ্যপ্রাচ্যের অনেক পরিচিত মানুষকেও ফোন করতে হয়েছিল। এদের মধ্যে ভাবগম্ভীর, রাশভারী ধরনের কয়েকজন অনুসন্ধানী সাংবাদিককেও চেষ্টা করেছি কিছু তথ্য লাভের আশায়। হার্ভে নিকোলসে আগে থেকেই রূপচর্চার সময় ঠিক করা থাকলেও তা বাতিল করতে হয়। প্রথমবারের মতো সানডে টেলিগ্রাফ-এর সহকারী সম্পাদক ক্রিস বোফের সঙ্গে বসতে হলো। নিউক্যাসলের পুরোনো বন্ধু ও সানডে টেলিগ্রাফ-এর প্রতিবেদক আমাকে যাওয়ার জন্য খোঁচাতে থাকলে আমিও যাওয়ার জন্য রাজি হয়ে যাই। তবে তখন ঘড়িতে রাত এগারোটা বেজে গেলেও আমার অনেক কাজ বাকি পড়ে ছিল।
এই কাজের জন্য নিয়মিত বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা সম্ভব নয়। এমনকি উদার মনের স্বামী বা প্রেমিকেরাও এ রকম ব্যস্ততা দেখলে বিরক্ত হবে, যা খুবই হতাশাজনক। তবে সময়সাপেক্ষ চাকরি হলেও ঘটনার আকস্মিকতা ও উত্তেজনা নিমেষেই সব ক্লান্তি ভুলিয়ে দেয়। সংবাদমাধ্যমের চাকরি আসলে সেই পুরোনো প্রবাদকেই মনে করিয়ে দেয়, সত্য সব সময় কল্পনার চেয়েও শিহরণ জাগানিয়া।
বাস্তবে আমার জীবনটা যেকোনো রহস্য গল্পের চেয়েও রহস্যময়। মানুষ কেমন বাঁকা চোখে তাকায় যখন জানতে পারে যে আমার তিনবার বিয়ে হয়েছিল এবং ডেইজির বাবা এই তিন স্বামীর কেউ নন। আমি বুঝতে পারি না, মানুষ পরকীয়া অথবা একের পর এক প্রেমের সম্পর্ককে খারাপ মনে করে না। কিন্তু একাধিক স্বামীর কথা শুনলেই তারা ভ্রু কুঁচকায়।
আমার কাছে আমার জীবনটা এতোগুলো সম্পর্ক আর জেরির ক্লাবে কাটানো সময়গুলো মিলিয়ে অনেক বেশি আনন্দের। বন্ধুরা আমার শক্তি দেখে অবাক হয়। দিনে মাত্র তিন বা চার ঘণ্টা ঘুমানোর সময় পাই। তবে একাকিত্ব আমার বেশিক্ষণ ভালো লাগে না। তাই নিয়মিতই আমি ক্লাবে যাই।
মৃত্যুর সুধা পান করার আগে একজন মানুষ গড়ে ২৭ বছর শুধু ঘুমিয়েই পার করে দেয়, এ কথা জানার পর আমি আঁতকে উঠেছিলাম। ২৭ বছর,
