তো সেই অপর মৌলিক মাসআলাটি বুঝে আসে এই আয়াত থেকে, (অর্থ) আল্লাহ তাআলা তাদের (মহিলাদের) গর্ভাশয়ে কী সৃষ্টি করেছেন তা গোপন করা বৈধ নয় তাদের জন্য। (সূরা বাকারা: ২২৮) এই আয়াতের ব্যাখ্যায় পূর্বসূরিরা বলেছেন, ঋতুবতী হওয়া এবং গর্ভবতী হওয়া গোপন করা যাবে না। উবাঈ ইবনে কা’ব রা. বর্ণিত, নারীদের নিজ লজ্জাস্থানের হেফাজত করা আমানতের অন্তর্ভুক্ত। আর নারীদের গর্ভাশয়ে কী আছে তা গোপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাদেরকে। এ থেকেই বুঝে আসে, গর্ভবতী হওয়া না হওয়া এবং ঋতুবতী হওয়া না হওয়ার ব্যাপারে মহিলার কথা গ্রহণযোগ্য হবে। যেমন আল্লাহ তাআলা ঋণগ্রহীতা ব্যক্তির ব্যাপারে বলেছেন, (অর্থ) সে যেন নিজ প্রভু আল্লাহকে ভয় করে এবং (ঋণের পরিমাণ লেখায়) কোনো কমতি না করে। (সুরা বাকারা: ২৮২)
এই আয়াতে আল্লাহ তায়ালা যেহেতু ঋণগ্রহীতাকে কোনো কমতি করতে নিষেধ করে দিয়েছেন, তা-ই বুঝা গেল, ঋণের পরিমাণ নির্ধারণে ধর্তব্য হবে তার কথাই। সুতরাং পূর্বোল্লিখিত আয়াত থেকে কিছু মৌলিক একটি মাসআলা বুঝা গিয়েছে। তা হলো, মহিলা যদি বলে, আমি এখন ঋতুবতী, (তার কথাকে সত্য ধরে) এই অবস্থায় তার সাথে সহবাস করা হারাম। তেমনি সে যদি বলে আমি ঋতু থেকে পবিত্র হয়ে গেছি স্বামীর জন্য তার সাথে সহবাস করা বৈধ। (ঋতুর হিসেবে) ইদ্দত পালনরত অবস্থায় সে যদি বলে আমার ইদ্দতের মেয়াদ শেষ তাহলে তার কথাই সত্য ধরা হবে। (তালাকে রজঈ দিয়ে থাকলে) তাকে আর (বিয়ে ছাড়া) ফিরিয়ে নিতে পারবে না স্বামী। তাদের মাঝে দাম্পত্য সম্পর্ক একেবারেই শেষ হয়ে যাবে।
উপরোক্ত মাসআলাগুলোতে মহিলার কথা গ্রহণযোগ্য হওয়ার মূল কারণ হলো, ঋতুবতী হওয়ার বিষয়টা মহিলার সাথেই নির্দিষ্ট। এ বিষয়টা একমাত্র তার পক্ষ থেকেই জানা সম্ভব। সেই হিসাবে স্বামী যদি স্ত্রীকে বলে, ঋতুবতী হলেই তুমি তালাক। পরে সেই মহিলা যদি বলে আমি ঋতুবতী হয়েছি তাহলে তার উপর তালাক পতিত হওয়ার ক্ষেত্রে তাকে সত্যায়িত করা হবে। যেমনটা সত্যায়িত তাকে করা হয়েছে ইদ্দত শেষ হওয়ার দাবির ক্ষেত্রে। উভয় ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর কথা সমর্থন না করলেও এই বিধান। কারণ হচ্ছে, ঋতুবতী হওয়ার বিষয়টা মহিলার সাথেই নির্দিষ্ট। অর্থাৎ ঋতুবতী হওয়া না হওয়াটা একমাত্র তার পক্ষ থেকেই জানা যায়। অন্য কেউ দেখতে পারে না সেটা। (তা-ই এ ব্যাপারে গ্রহণযোগ্য হবে তার কথাই।)
