হানাফি ফিকহ ও হাদিস

কিন্তু পৃথিবীতে এমন কিছু গোঁড়া লোকের উপস্থিতি সর্বদাই রয়েছে যারা নিজেদের মূর্খতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সমালোচনা করে হানাফিদের। কখনো ওরা সমালোচনা করে কোনো মাসআলায় শরিয়তের সুস্পষ্ট ভাষ্য না থাকাবস্থায় ইজতিহাদ করা নিয়ে। অথচ ফিকহ মানেই কিন্তু ইজতিহাদ। আবার কখনো ওদের সমালোচনার বিষয়বস্তু থাকে হানাফিদের হাদিস স্বল্পতা। অথচ গোটা বিশ্বেই কিন্তু তাদের হানাফি মুহাদ্দিসগণের বর্ণিত হাদিস সমাদৃত। অনেকে আবার বলে, হানাফিরা ইসতিহসান (তথা সূক্ষ্ম গবেষণা) করে। আর (তাদের মতে) ইসতিহসানের মানে হলো, নতুন করে শরিয়ত প্রণয়ন করা।

ইসতিহসান সম্পর্কে হানাফিদের ব্যাখ্যা জানার পর এই অভিযোগের কোনো ভিত্তিই থাকে না। তাছাড়া কিয়াস (অর্থাৎ স্বাভাবিক গবেষণা) কে স্বীকৃতিদানকারী ইসতিহসানকে অস্বীকার করে কীভাবে? শরিয়তের একমাত্র প্রণেতা হলেন, মহান আল্লাহ। আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শরিয়ত প্রচারকারী। ফকিহগণের কাজ শুধু শরিয়তের ভাষ্যগুলো নিয়ে গভীর গবেষণা করে যাওয়া। তো ফকিহকে যারা বসাবে শরিয়ত প্রণেতার আসনে তারা মূলত শরিয়ত ও ফিকহ বোঝেনি কোনটিই। বরং পথ হারিয়ে ফেলেছে তারা। তা-ই তো ওরা শরিয়তকে বানিয়ে ফেলেছে মানুষের আবিষ্কার। অথচ শরিয়ত প্রণয়ন কিংবা ওহি প্রেরণে কখনোই কোনো মানুষের ভূমিকা রাখেননি আল্লাহ পাক। এসব থেকে তিনি সম্পূর্ণ পবিত্র।

বক্ষ্যমাণ গ্রন্থে আমি চেয়েছি সেই সব সমালোচনার অসারতা তুলে ধরতে। সে জন্যেই কিয়াস, ইজতিহাদ, হানাফিদের কাছে স্বীকৃত ইসতিহসান এবং তাদের মতে হাদিস গ্রহণযোগ্য হওয়ার শর্তবলীসংক্রান্ত বিষয়াদি আলোচনা করেছি এতে। আরও উল্লেখ করেছি, কুরআন ও হাদিসের জ্ঞান, আরবি ভাষা, ফিকহ ও তার মূলনীতি নিয়ে গবেষণার অঙ্গনে তৎকালীন কুফার (হানাফি মাযহাবের উৎপত্তিস্থল) অবস্থান। পাশাপাশি তুলে ধরার প্রয়াস চালিয়েছি যে, কুফাই ছিল প্রাচ্যের দেশগুলোতে ফিকহের উৎসভূমি। সেখান থেকেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ফিকহের উজ্জ্বল জ্যোতি। এই গ্রন্থে এও প্রমাণ করেছি আমি, অন্যান্য মাযহাবের তুলনায় হানাফি মাযহাব বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। হাদিস শাস্ত্রে দক্ষতায় তাদের রয়েছে উল্লেখযোগ্য অবদান। ইসলামের শুরু যুগ থেকে আজোব্ধি ইরাকবাসীদের মাঝে রয়েছেন অনেক হাদিস বিশারদ। (আর সেই ইরাকের কুফার অধিবাসী ছিলেন আবু হানিফা রহ.।) তাছাড়া তাদের রয়েছে সূক্ষ্ম বুঝ ও অর্থের গভীরে হারিয়ে যাওয়ার দক্ষতা। এই ব্যাপারটা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে সকল হানাফি বিরোধী এবং রাবীদের নির্ভরযোগ্যতা যাচাই শাস্ত্র নিয়ে লিখিত গ্রন্থের সাধারণ পাঠকেরাও। আল্লাহ তাআলাই যথেষ্ট আমার জন্য। আর তিনিই উত্তম কর্মবিধায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart