হানাফি ফিকহ ও হাদিস

শুধু নিজেদের দলিলগুলোতে সীমাবদ্ধ না থেকে বিরোধী পক্ষের প্রমাণাদিও সংকলন করেছেন খুব স্বল্পসংখ্যক হাদিস বিশারদ। সর্বোচ্চ ইনসাফের সাথে উভয় পক্ষের দলিল ও খণ্ডনগুলো উল্লেখ করার মতো উদারতা খুব বেশি মানুষের মধ্যে দেখা যায় না। নিজ মাযহাবের বিধানসংক্রান্ত হাদিস গবেষণায় কিতাব লিখেছেন অনেকেই। তবে তাদের কারো মাঝে ছিল গবেষণার অপর্যাপ্ততা। কেউবা আবার নাকাল ছিলেন প্রবৃত্তির চাহিদা পূরণে। গবেষণার অপর্যাপ্ততায় শক্তিশালী দলিলসম্পন্ন একটি মাসআলাও নিতান্তই দুর্বল দেখা যায়। আর প্রবৃত্তি পূজার চূড়ান্ত পরিণতি হচ্ছে সাম্প্রদায়িকতা ও গোঁড়ামি; ওলামায়ে কেরামের কাছে যা একেবারেই অগ্রহণযোগ্য।দলিল গবেষণার সময়ে ইলমি দক্ষতার জন্য সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে মাযহাবের অন্যায় তরফদারি। যার ফলে শক্তিশালী মাসআলাকে মনে হয় দুর্বল আর দুর্বলটা উপস্থাপিত হয় মজবুত রূপে। তেমনি শক্ত প্রমাণ হয়ে যায় নড়বড়ে। পক্ষান্ত রে ভাসাভাসা দলিলটাকেও দেখা যায় বেশ দৃঢ়। কিন্তু দ্বীনি বিষয়ে আল্লাহর ভয়ে ভীত কারো ক্ষেত্রে সমীচীন নয় এটা। যেই দিন সবাইকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে সেই দিনের ভয়ে যারা কম্পিত তাদের থেকে এটা অশোভনীয়।

সুতরাং হাদিস বিশারদদের মধ্যে গভীর ও প্রশস্ত জ্ঞানের অধিকারী প্রবৃত্তি পূজা মুক্ত কাউকে পাওয়া গেলে আঁকড়ে ধরতে হবে তাঁকে। কেননা তিনি হচ্ছেন লাল ইয়াকুত তুল্য। (যা খুবই দুষ্প্রাপ্য ও দুর্মূল্য)আল্লামা যাইলাঈ রহ. (মৃত্যু: ৭৬২ হি.) তেমনি একজন ইয়াকুত তুল্য হাদিস বিশারদ। তা-ই তো পরবর্তী হাদিস গবেষকদের সবাইকে তাঁর দ্বারস্থ হতে হয়। বদর যারকাশি (৭৪৫-৭৯৪ হি.), ইবনে মুলাক্কিন (৭২৩-৮০৪ হি.) এবং ইবনে হাজার প্রমুখসহ অন্য অনেকের ব্যাপারে মানুষ ভাবে যে, তাঁরা মুগ্ধতার আকাশ ছুঁয়ে ফেলেছেন। টক্কর দিয়েছেন মেঘমালার সাথে। তাঁদের রচনাগুলোকে যাইলাঈ রহ. রচিত কিতাবাদির সাথে তুলনা করলেই আমার কথার সত্যতা টের পাবেন আপনি। বরং আরো বেশি মনে হবে আপনার কাছে। বলতে বাধ্য হবেন, মাযহাবি সংকীর্ণতা ছাড়া সেই কিতাবাদির সবই আছে যাইলাঈ রহ.র রচনাবলিতে। বরং আরো সুবিন্যস্ত রূপে।

‘নাসবুর রায়াহ’ গ্রন্থে হানাফিরা খুঁজে পাবে বিধানাবলির ক্ষেত্রে মাযহাবি ইমামগণের পেশকৃত মৌলিক হাদিসগুলো। আর মালেকিরা দেখতে পাবে এতে ‘তামহীদ’ ও ‘ইসতিযকার’ নামক কিতাব দুটিতে ইবনে আব্দুল বারের (মৃত্যু: ৪৬৩ হি.) চয়নকৃত সর্বোত্তম কিছু গবেষণা। এছাড়াও তারা এতে পাবে ইবনুল খাররাত্ব আন্দুলুসী (৫১৪-৫৮১ হি.) রচিত বিধানসংক্রান্ত হাদিসি কিতাবগুলোতে উল্লিখিত আলোচনার সারসংক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart