হানাফি ফিকহ ও হাদিস

শাফেয়িরা এই কিতাবে পাবে ‘সুনান’, ‘মা’রিফাহ’ সহ ইমাম বাইহাকী (৩৮৪-) রচিত অন্যান্য কিতাবে ছড়িয়ে থাকা বিশুদ্ধ কিছু পর্যালোচনা। সেই সাথে ইমাম নববি রহ. (৬৩১-৬৭৬ হি.) ‘খুলাসা’, মাজমু’ এবং ‘শরহু মুসলিম’ নামের কিতাবগুলোতে যে আলোচনা করেছেন তার বিশুদ্ধ এক সারনির্যাস বিদ্যমান এই ‘নাসবুর রায়াহ’ গ্রন্থে। আরো আছে ‘ইলমাম’ ও ‘শরহুল উমদাহ’য় ইবনু দাকিকিল ঈদ রহ. (৬২৫-৭০২ হি.)র বয়ানকৃত বিষয়গুলোর সংক্ষিপ্ত উপস্থাপন।

আর হাম্বলিরা এই কিতাব থেকে জানতে পারবে ইবনুল জাওযি (৫১০-৫৯৭হি.) রচিত ‘তাহত্ত্বিক’, ইবনু আবদিল হাদি (৭০৪-৭৪৪ হি.) প্রণীত ‘তানকিহুত তাহকিক’ সহ সংশ্লিষ্ট বিষয়ের অন্য অনেক কিতাবে বিবৃত সমালোচনার অনেক নীতিমালা। এমনকি গবেষণা করলে এই ‘নাসবুর রায়াহ’তে পাওয়া যাবে বিধানসংশ্লিষ্ট এমন কিছু হাদিস যা অনুপস্থিত সিহাহ (বিশুদ্ধ হাদিসের কিতাবাদি), সুনান (ফিকহের অধ্যায় অনুসারে সাজানো হাদিসের গ্রন্থ), মাসানিদ (কোনো নির্দিষ্ট সাহাবি বর্ণিত হাদিসের কিতাব), আসার (রসুল, সাহাবি, তাবেঈ সবার বক্তব্যের সমাহার ঘটে যে হাদিসের কিতাবে) এবং মাআজিম (হাদিসের সেই গ্রন্থ যাতে হাদিস বিন্যস্ত হয়েছে সাহাবি বা শায়খ অথবা দেশের নামের ধারাবাহিকতায়) এর কিতাবসমূহে। সেই কিতাবসমূহের অন্যতম হচ্ছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা। ফকিহদের দৃষ্টিতে এটি হাদিসের অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব। এছাড়া আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহ বর্তমানে দুর্লভ কিছু কিতাবাদি। (সেগুলোতে যা নেই তা আছে ‘নাসবুর রায়াহ’তে।)

সেইসঙ্গে ‘নাসবুর রায়াহ’ তে প্রতিটি হাদিসের সাথেই রয়েছে সেই হাদিস সংশ্লিষ্ট পরিপূর্ণ আলাপ। যা গৃহীত হয়েছে হাদিস বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাই শাস্ত্রে পারদর্শীগণের মতামত ও হাদিসের ত্রুটি সম্বন্ধীয় প্রসিদ্ধ কিতাবাদি থেকে। এসব কারণেই হাদিসের অন্যান্য গবেষণামূলক গ্রন্থের সাথে এই গ্রন্থটির রয়েছে অনন্য স্বাতন্ত্র্য। ‘নাসবুর রায়াহ’র এত প্রশংসা করে অন্যদের হিম্মত ও চেষ্টা প্রচেষ্টাকে কিন্তু দমাতে চাই না আমি। আমার উদ্দেশ্য কিন্তু এটা অস্বীকার করাও নয় যে, সত্যিকারের দৃঢ়তা সম্পন্ন ব্যক্তির মাঝে আল্লাহ তাআলা ঢেলে দিবেন ইলমের গূঢ়তত্ত্ব। আমি এটা স্বীকার করি যে, পরবর্তীদের রচিত বহু কিতাবেই রয়েছে প্রশংসা ও কৃতজ্ঞতা যোগ্য অনেক উপকারী বিষয়। দ্বিগুণ প্রচেষ্টা ও দৃঢ়প্রত্যয় থাকলে খাঁটি উৎস থেকে সেই ধরনের উপকারী জ্ঞানার্জন আরও বেশি করে সম্ভব।

‘নাসবুর রায়াহ’র ব্যাপারে আমি যা বলেছি সেটা হলো, ইলমের প্রতি সম্মান প্রদর্শন, যোগ্য ব্যক্তিকে তার অধিকার প্রদান। সেইসঙ্গে আমি চেয়েছি, মানুষ যেন বুঝতে চেষ্টা করে কেমন মহান আলেম ছিলেন আল্লামা যাইলাঈ রহ.।তিনিই একমাত্র হানাফি হাদিস শাস্ত্রবিদ যিনি এমন বিশাল এক কর্মযজ্ঞ সম্পাদন করে গিয়েছেন। যেটা হয়ে গেছে তৎকালীন ও পরবর্তী যুগের সকল ফকিহের নিকট পরিপূর্ণ মুগ্ধতার একটি ব্যাপার। ‘নাসবুর রায়াহ’র শিক্ষক, শিক্ষার্থী সকলেই এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয়ে যাবে, হানাফিরা সকল ক্ষেত্রেই হাদিস ও আসারের চূড়ান্ত অনুসারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart