আফগানিস্তান: মাটি ও মানুষ
আফগানিস্তান। হাজার বছর ধরে মুসলমানদের দেশ। স্বাধীনচেতা, দুঃসাহসী, বে-পরোয়া এক জাতির প্রাণপ্রিয় মাতৃভূমি। হিন্দুকুশ পর্বতমালার প্রহরায়-পৃথিবীর ছাদ পামীরের ছায়ায় সারাটা জনম ধরে দুর্জয়-দুর্ভেদ্য আফগানিস্তান বুকটান করে দাঁড়িয়ে আছে। ইসলামের প্রীতিডোরে আবদ্ধ আফগানরা খুবই সরল-সোজা প্রকৃতির আল্লাহওয়ালা মুসলমান। পাহাড়ের রুক্ষ বুকে, দুর্গম গিরি-কন্দর আর গুহা-উপত্যকায় ঘুরে বেড়ানো আফগানদের স্বাধিকার চেতনা ও উদারতা বিশ্ব জুড়ে খ্যাত। ঢোলা শেলোয়ার, বিশাল কামিজ-কোর্তা আর মাথায় বাঁধা ইয়া বড় পাগড়ীই তাদের পরিচয়। কাঁধে ঝুলানো বন্দুক আর কোমরে বাঁধা খঞ্জর তাদের পৌরুষ, বীরত্ব আর জিহাদী ঐতিহ্যের গৌরবোজ্জ্বল নিদর্শন। একজন আফগানকে আপনি দু’টো গালি দিন, তা সে হজম করে ফেলবে। আপনি তার গায়ে সাইকেল তুলে দিয়ে একেবারে রক্ত ছুটিয়ে দিন, একবার চোখ তুলে তাকিয়েই সে নিজের পথ ধরবে। কিন্তু আপনি তার ঈমান, তার আল্লাহ-রসূল-কুরআন, তার দেশ-জাতি বা ইতিহাস-ঐতিহ্যের ব্যাপারে মুখ খুললে আর রক্ষে নেই। সেই আফগানীর কাঁধের বন্দুক হতে বেরিয়ে আসা বুলেট আপনার বুক এ ফোঁড় ও ফোঁড় করে দেবে। আপনার পেটে ঢুকে যাবে তার অতি আদরের খঞ্জর।
ৎস্বাধীনচেতা, দুঃসাহসী আফগানরা আত্মমর্যাদাবোধ, আতিথেয়তা ও হৃদয়ের ঔদার্যের জন্য মশহুর। একবার একজন গ্রাম্য অশিক্ষিত আফগানের তাঁবুতে একটি আহত হরিণ গিয়ে আশ্রয় নিলো। হরিণটির পেছনে যে শিকারীটি এলেন, তিনি তৎকালীন শাসক মাহমুদ গযনভী। সুলতান মাহমুদ যেই তাঁবুতে ঢুকে হরিণটি ধরতে চাইলেন, অমনি তাঁবুর মালিক বুদ্দু লোকটি এসে তাঁর পথ আগলে দাঁড়ালো, বললোঃ “আপনি আমাদের বাদশাহ্। আমার অনুরোধ, হরিণটি আপনি ধরবেন না। কারণ, এটি এখন একজন হৃদয়বান মানুষের মেহমান হয়ে তাঁবুতে ঢুকেছে। সুতরাং একে সাহায্য করা আমার দায়িত্ব। জান দিয়ে হলেও আমি আমার এই অবলা অতিথিকে রক্ষা করবোই।” নিরক্ষর লোকটির সত্যনিষ্ঠা, সৎ সাহস ও নির্ভীকচিত্ততা মাহমুদ গযনভীকে মুগ্ধ করলো। তিনি সেদিন খালি হাতেই ফিরে এলেন।
