আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

লেখকের আরয

বিশ্বের বৃহত্তম পরাশক্তি রাশিয়ার সাথে আফগানিস্তানের ইসলামপ্রিয় জনতার অসম লড়াই সংঘটিত হলো দীর্ঘ চৌদ্দ বছর। একদিকে পৃথিবীর সেরা সৈন্যবাহিনী আর অত্যাধুনিক সব মারণাস্ত্র, অন্যদিকে সাদাসিধে একদল আল্লাহওয়ালা মানুষ আর তাদের লাঠি-ঠেঙ্গা, দা-বল্লম, কাটা রাইফেল ও ভাঙ্গা পিস্তল। আফগান জিহাদে বিশ লক্ষ নিরপরাধ মুসলমান শহীদ হয়েছেন-হাজার হাজার মা-বোন দিয়েছেন সম্ভ্রমের কুরবানী, ষাট লক্ষ আফগান জনগণ নিজের ভিটে-বাড়ী ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানে। ঠিক তেমনি সোভিয়েত ইউনিয়নও হারিয়েছে অগণিত সৈন্য, হাতছাড়া হয়েছে অসংখ্য জঙ্গী বিমান, গানশীপ, ট্যাংক, কামান, সাঁজোয়া গাড়ী, মেশিনগান, রকেট লাঞ্চার এবং গোলা-বারুদ ইত্যাদি। দীর্ঘ প্রায় দশ বছরে ছয় লক্ষ সাতান্ন হাজার কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ হারিয়ে পরাজিত, লাঞ্ছিত ও বিশ্বধিকৃত সমাজতান্ত্রিক সোভিয়েতের কমিউনিস্ট নেতৃবৃন্দ অবশেষে সৈন্য উঠিয়ে নিতে বাধ্য হয়েছেন।
এই ইসলামী জিহাদের অতীত-বর্তমান, মুজাহিদদের হাল-হাকীকত ও ভবিষ্যত পরিকল্পনা, রুশ দখলদারদের পাশবিকতা, দেশী কমিউনিস্টদের গাদ্দারী, জিহাদ ও শাহাদাতের অলৌকিক ঘটনাবলী এবং আল্লাহপাকের প্রকাশ্য সাহায্য ও বিজয়ের আলোচনা নিয়েই আমার এ বই। তাওফীকের জন্যে আল্লাহর অশেষ হাম্দ।

বইটির নামকরণ করা হয়েছে একজন ফরাসী সাংবাদিকের ঐতিহাসিক উক্তি অবলম্বনে। এই খৃষ্টান সাংবাদিক তাঁর পেশাগত দায়িত্ব পালনের সময় আফগান রণাঙ্গনে খোদায়ী মদদ ও নুসরত দেখে মুসলমান হয়ে যান। দেশে ফিরে গিয়ে বেতার-টেলিভিশনসহ অন্যান্য প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ঐ ফ্রেঞ্চ জার্নালিস্ট তাঁর ইসলাম গ্রহণের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেনঃ “আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি।” আফগান জিহাদ বিষয়ক বইটির নামের জন্যে আমার কাছে এ আলোড়ন সৃষ্টিকারী উক্তিটিই বেশি লাগসই মনে হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart