আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

ভারত বিজয়ী মাহমুদ গযনভী, দিল্লীর কৃতী শাসক শেরশাহ সুরী, ইসলামের সিপাহসালার আহমদ শাহ্ আবদালী, ইসলামী পুনর্জাগরণের নকীব আল্লামা জামালুদ্দীন আফগানী এ দেশেরই সন্তান।
এ দেশেরই সীমান্তবর্তী এলাকাগুলোতে জন্ম নিয়েছেন আবু হানীফা, বায়হাকী, বলখী, হারভী, ইবনে-হাব্বান, তিরমিযী, নাসায়ী, বোখারী, ফখরে রাযী, আল-বিরুনী, ফারাবী, ইবনে সিনা ও খাওয়ারেজমীর মতো হীরের টুকরো ছেলেরা। শতাব্দীর দেয়ালে সাঁটা যাঁদের কর্মগাথার রঙিন পোস্টার। ইতিহাসের শ্বেত-শুভ্র ফলকে উৎকীর্ণ যাঁদের স্বর্ণালী হরফের নাম।
পাহাড়ের বিস্তীর্ণ চালে সবুজ গম খেত, পার্বত্য ঝরণার দুই পাশে নয়নাভিরাম আঙ্গুর-আপেল খেতের দৃশ্য, গ্রামের মাথায় চা-এর দোকান আর কফিখানা, দূরের হাটে হাতিয়ার বিক্রেতার দোকান ইত্যাদি ছাড়া গাঁও-গেরামের মানুষ আর বেশি কিছু বুঝে না। ভোর-বিহানে গাঁয়ের মসজিদে ফজর পড়ে, বহু পরিচিত কুরআন-খানি নিয়ে বড়রা ঘরে ঘরে বসবে আর ছোটরা কায়দা-ছিপারা হাতে মসজিদে। খাওয়ার সময় হলে গম বা যবের তৈরি বড় বড় রুটি আর দুম্বার গোশতের বাটি সামনে নিয়ে এক দস্তরখানে গোল হয়ে বসে বিসমিল্লাহ। শেষে তাজা আঙ্গুর-আপেল-আখরোট বা অন্য কোন শুকনো ফল। মাঝে মাঝে বন্দুক হাতে পাহাড়ে ঘোরাঘুরি। কোন কোন দিন মওলবী সাহেবের কাছে বসে স্বর্ণযুগের জিহাদী কেচ্ছা আর ঈমানী কাহিনী শোনা। ব্যাস! এ পর্যন্তই আফগানিস্তানের গেঁয়ো মানুষের সাদাসিধে জীবন।
শহরে আছে সবকিছুই। অফিস-আদালত, কলেজ-ভার্সিটি, ব্যবসাকেন্দ্র-সব। রাজা-রাজনীতি নিয়ে জনগণের ততো মাথা ব্যথা নেই। বাদশাহ্ একজন আছেন। সবাই তাঁকে ভালোবাসে। দেশের মানুষের ভালো-মন্দ দেখার জন্যে শাসকেরা আছেন-প্রতিরক্ষার জন্যে আছে সশস্ত্র বাহিনী। শিক্ষা-সংস্কৃতি, সাহিত্য-শিল্পের জন্যে আছেন শিক্ষিত বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিকেরা। সাধারণ মানুষ তাই নিজেদের দ্বীন-দুনিয়ার কাজেই ব্যস্ত। যারা বয়সে প্রবীণ তাদের মনে আছে যে, কবে সেই ১৯৩৩ সালে তাদের বাদশাহ্ জহির শাহ্ ক্ষমতায় বসেছিলেন। জহির শাহের বয়স তখন উনিশ বছর। গোটা আফগান জাতি তাঁর অভিষেকের দিনটি উদযাপন করেছিলো বিপুল উৎসাহ আর উদ্দীপনায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart