প্রথম আঘাত
কিছুদিন পর আফগানিস্তানের সরল-সোজা মানুষ একদিন শুনতে পেলো, তাদের প্রিয় বাদশাহ্ নাকি এক পাগলের কাও করে বসেছেন। রাজধানী কাবুলের এক গণসমাবেশে জহির শাহ একটি বোরকাকে পদদলিত করে বলেছেনঃ “চিরদিনের জন্যে অন্ধকার যুগ শেষ হলো” এটা ছিল পশ্চিমাদের পক্ষ হতে চালানকৃত সাংস্কৃতিক বিপ্লবের উদ্বোধন। পঞ্চাশের দশকে সংঘটিত এ বিপ্লব মূলতঃ আফগান জনগণের নরম হৃদয়ের তুলতুলে মখমলে রক্ষিত ঈমান ও আকীদার গায়ে হেনেছিল চরম আঘাত।
শুরু হলো ষড়যন্ত্র
১৯৭৩ সালে জহির শাহ বিদেশ সফরে গেলে তাঁরই চাচাতো ভাই মুহাম্মদ দাউদ গদিতে বসলো। জেনারেল দাউদ ছিলো কমিউনিজমে অনুরাগী। তার ঘরেই সমাজতন্ত্র আর কমিউনিজমের সবক নিয়েছে আফগানিস্তানের বড় বড় কমিউনিস্ট নেতারা-তারাকী, হাফিজুল্লাহ আমীন আর বাবরাক কারমালরা।
মুহাম্মদ দাউদ প্রধানমন্ত্রিত্বের সাথে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দুটোও তার হাতেই রাখলো। লাগাতার দশ বছর এ মসনদ আঁকড়ে থেকে জেনারেল দাউদ আফগানিস্তানের ইসলামী চেতনার আগুনে ছাইচাপা দিয়ে, কমিউনিজমের নতুন চারায় পানি ঢালার কাজটি খুবই দক্ষতার সাথে করতে থাকলো। এ সময় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বা রাষ্ট্রীয় ঋণ বাবদ তিন মিলিয়ন রুবল খরচ করলো রাশিয়া।
গোটা আফগানিস্তানের প্রশাসন, প্রতিরক্ষা, বিচার ও শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে প্রচুর সোভিয়েত বিশেষজ্ঞ এবং উপদেষ্টা নিয়োগ করে দেশব্যাপী চালানো হলো ইসলামবিরোধী তৎপরতা। কাবুলের পুতুল সরকার মস্কোর সুতার টানে মুসলমানদের ঈমানী চেতনা, ধর্মীয় অনুভূতি ও নৈতিক মূল্যবোধের গায়ে একের পর এক ছুরিকাঘাত করে যেতে থাকলো। সরকার ও প্রগতিবাদী শিক্ষিত বুদ্ধিজীবী মহলের সাথে গোপন বন্ধুত্ব করে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের মাটিতে কমিউনিজম প্রতিষ্ঠার রঙিন খোয়াব দেখতে লাগলো। সাংস্কৃতিক আদান-প্রদানে বহু সংখ্যক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মস্কোর কৃপাদৃষ্টি লাভকরলেন। আফগান সশস্ত্র বাহিনীর সদস্যরা সোভিয়েত ভূখন্ডে প্রশিক্ষণ নিতে গিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের ফজীলত আত্মস্থ করে, কমিউনিজমের তালীম নিয়ে দেশে ফিরে এলো।
